২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়নের পুনর্মিলনীর নিবন্ধন শুরু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে সংগঠনটির সাবেক নেতা-কর্মীদের নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে সংগঠনটির সাবেক নেতা-কর্মীদের নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা এ সংগঠনটির বার্ষিকী উদযাপনের কমিটির চেয়ারম্যান হলেন ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু। কো- চেয়ারম্যান রয়েছেন সংগঠনটির সাবেক দুই সভাপতি রাশেদ খান মেনন ও মুজাহিদুল ইসলাম সেলিম। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের কার্যালয় রাজধানীর সেগুন বাগিচার ২৭/১১/১ নম্বর বাড়িতে এবং সংগঠনের ওয়েবসাইট www.bsu1952.org- এ নিবন্ধন করা যাবে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের বর্তমান সাধারণ সম্পাদক এস এম শুভ বলেন, ২০১২ সালের ২৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনের ৬০ বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠান, সাবেকদের পুনর্মিলনী ও সমাবেশ হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজনে ১৩টি উপপরিষদ গঠনের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও দেশের বাইরে কমিটি করা হচ্ছে। ১৯৫২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নাম নিয়ে আত্মপ্রকাশ ঘটলেও স্বাধীনতার পর তা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নামে যাত্রা শুরু করে। শিক্ষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের পাশাপাশি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংগঠনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২১১০ ঘ.