ঠাকুরগাঁও, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও চিনিকলে চলতি মওসুমের আখ মাড়াই শুরু হয়েছে।
শুক্রবার বিকালে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং একজন আখচাষিও বক্তব্য দেন।
ব্যবস্থাপনা পরিচালক জানান, এবার ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ছয় হাজার ৩০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণ হার ধরা হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। মিল চালু থাকবে ৭২ দিন।
তিনি আরো জানান, এবার মিল গেটে প্রতিমন আখের ক্রয় মূল্য ১০০ টাকা এবং আখ ক্রয় কেন্দ্রে ৯৭ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, এই চিনিকলকে শিগগিরই আধুনিকীকরণ করা হবে।
এই এলাকার একমাত্র এই ভারি শিল্প প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে সরকার সব পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24