চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়ায় জাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
পটিয়া থানার ওসি এমএ সবুর জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাহার উদ্দিন (২৫) ও নূর হাশেম (২৫) নামের দুই শিপইয়ার্ড শ্রমিক।
গত শনিবার সকালে পটিয়ার কোলগাঁও এলাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে আহত হন বাহার ও হাশেমসহ তিন শ্রমিক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বাহার ও হাশেমকে ঢাকায় পাঠানো হয়।
আহত হেলাল (২৪) চিকিৎসা নিয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন বলে জানান ওসি।
শিপইয়ার্ডের শ্রমিক সুপারভাইজার সৈয়দ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে বাহার ও সোয়া ২টার দিকে হাশেম মারা যান। তাদের লাশ শুক্রবার দুপুরে চট্টগ্রামে পৌঁছেছে।
এ বিষয়ে কথা বলার জন্য ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন ও ডেপুটি ম্যানেজার (জনসংযোগ কর্মকর্তা) শাহিদুল বাশারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ওয়েস্টার্ন মেরিন গ্র“পের সহযোগী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ১৯৯৪ সাল থেকে জাহাজ নির্মাণ করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/জেকে/১৫২৬ ঘ.
bdnews24