বাগেরহাট, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন ডাকাতি মামলার এক আসামি টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার ভোর রাতে আসামি শহিদুল সরকার (৩৫) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তিনি নড়াইল সদর উপজেলার ভরাসোনা গ্রামের রুবেল শেখের ছেলে।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদুল ভোর সাড়ে ৩টার দিকে টয়লেটে যাওয়ার কথা বললে প্রহরারত দুই পুলিশ তার হাতকড়া খুলে দেয়।
কিন্তু দীর্ঘক্ষণ পরও শহীদুল টয়লেট থেকে বের না হলে পুলিশের সন্দেহ হয়। তারা টয়লেটের দরজা খুলে দেখতে পান ভেল্টিলেটর ভেঙে তিনি পালিয়েছেন।
এসআই জানান, গত ২৫ নভেম্বর সদর উপজেলার রাখালগাছি ইউনয়নের ক্ষুদ্র চাকশ্রী গ্রামে ডাকাতি করতে গিয়ে শহীদুল জনতার হাতে ধরা পড়েন। পরে জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। তখন থেকেই তিনি হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।
শহীদুলকে ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭১৭ ঘ.
bdnews24