ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে এইচআইভি আক্রান্ত এবং এইডসে মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। চলতি বছরই ৪৪৫ জনকে সনাক্ত করা হয়েছে যারা এইচআইভি পজিটিভ। এছাড়া এইডসে আক্রান্ত আরো ২৪১ জনকে এ বছর সনাক্ত করা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, চলতি বছর দেশে অন্তত ৮৪ জন এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশে ৩৪৩ জন এইচআইভি পজিটিভ এবং ২৩১ জন এইডস আক্রান্ত ব্যক্তিকে সনাক্ত করা হয়েছিল। ২০১০ সালে এইডসে মারা যান ৩৭ জন।
তার আগের বছর, অর্থাৎ ২০০৯ সালে সনাক্ত হওয়া এইচআইভি পজেটিভ ব্যক্তির সংখ্যা ছিল ২৫০ জন। ওই বছর ১৪৩ জন এইডস রোগীকেও সনাক্ত করা হয়।
সরকারি হিসাবে বাংলাদেশে এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হয়েছে এ রোগে। আর এইচআইভি ভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৩৩ জনে। আর এইডস আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ১০১ জনে দাঁড়িয়েছে।
নবম এইচআইভি সার্ভিল্যান্স প্রতিবেদনের বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে জানান, এ বছর নতুন করে আক্রান্তদের মধ্যে ৬৫ শতাংশই পুরুষ, ৩৩ শতাংশ নারী এবং ২ শতাংশ কিশোর-কিশোরী।
চলতি বছরের এইডস দিবসের মূল প্রতিপাদ্য ‘শূন্যে পৌঁছাও’। অর্থাৎ এইচআইভি সংক্রমণ, এইডস আক্রান্তের সংখ্যা এবং এইডসের কারণে মৃত্যুর সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেই এইচআইভি প্রতিরোধ আন্দোলন জোরদার করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১৩৫৫ ঘ.
bdnews24