ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানে বুধবার রাতে এক কিশোরীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে তার কথিত প্রেমিক।
গলান এলাকার মিয়াপাড়া সোসাইটি মাঠে এ হামলায় নিহত হন তৈরি পোশাক শ্রমিক শাপলা (১৫)।
খুনের দায় নেওয়া মো. বেল্লাল ট্রাক চালকের সহকারী বলে পুলিশ জানিয়েছে।
এ দু’জনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বেল্লালের বরাত দিয়ে দক্ষিণখান থানার ওসি লোকমান হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গলান এলাকার ‘নিপা গার্মেন্টস’র শ্রমিক শাপলার সঙ্গে বেল্লালের প্রেমের সম্পর্ক ছিল।
কিছুদিন আগে তাদের মধ্যে মারামারি হয়। এর জেরে আবারো তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বেল্লাল তার কাছে থাকা চাকু দিয়ে শাপলার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে শাপলা ঘটনাস্থলেই মারা যায়।
ওসি বলেন, বেল্লাল থানায় এসে খুনের কথা স্বীকার করেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০২৭ ঘ.
bdnews24