২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাশ্রয়ী হলে বিদ্যুৎ বিল বাড়বে না: হাসিনা

সব পর্যায়ে আলোচনা করে সহনশীল পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে সংসদে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব পর্যায়ে আলোচনা করে সহনশীল পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, দাম বাড়লেও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বিল বাড়বে না। “বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয়” উল্লেখ করে তিনি বলেন, “বিশ্বে সব কিছুর দাম বাড়ছে। এ সামঞ্জস্য রাখার জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।” বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির দাম বাড়াচ্ছে- এ অবস্থায় নতুন করে আবার দাম বাড়বে কি না তা সম্পূরক প্রশ্নের জানতে চান আজিম। বিগত চারদলীয় সরকারের আমলে বিদ্যুৎ খাতে কোনো উৎপাদন না বাড়ার সমালোচনা করেন প্রধামন্ত্রী। বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম দুই ধাপে ৩১ দশমিক ১৬ শতাংশ বাড়ানোর ঘোষণা গত ২৪ নভেম্বর দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটিরি কমিশন (বিইআরসি)। বর্ধিত দাম প্রথম দফায় ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় আগামী বছরের ১ ফেব্র“য়ারি থেকে কার্যকর হবে। এ নিয়ে চলতি বছরেই তৃতীয় দফায় পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিনিয়োগ ও শিল্প কারখানা বাড়াতে বিদ্যুৎ প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে এ সমস্যা দূর করা দরকার।” “বিদ্যুতের উৎপাদন ও চাহিদা মেটাতে খরচ করতে হবে। অনেকে নিজের হাতে সুইচ অফ করে না। এ জন্যে দাম বাড়লেও যে টুকু দরকার ততটুকু ব্যবহার করলে সাশ্রয় হয়। এতে বিলও কমানোর সুযোগ রয়েছে।”- যোগ করেন তিনি। দাম বাড়ানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “বিদ্যুতের দাম সহনশীল পর্যায়ে বাড়ানো হয়েছে। সাশ্রয়ী হলে বিল বাড়বে না।” গ্যাস ও জ্বালানি খাতে সরকারের সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জনশক্তিখাতে সরকারের আড়াই বছরে জোট সরকারের তুলনায় বেশি রেমিটেন্স প্রবাহ ও জনশক্তি রপ্তানির তুলনামূলক চিত্রও তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা বসে নেই। কাজ করে যাচ্ছি।” সংসদের বুধবারের অধিবেশন স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে শুরু হয় বিকাল সাড়ে ৪টার দিকে। শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চলে। ‘ অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম না নেওয়ায় গ্যাসের সংকট’ মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, “বিগত চারদীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকার গ্যাস উৎপাদনের বিষয়টি বিবেচনা না করে অতিরিক্ত মাত্রায় সরবরাহের অনুমতি দেওয়ায় চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান অনেক বেড়ে গেছে।” এ কারণে আগে সংযোগ দেওয়া গ্রাহকদের চাহিদা পূরণ করতেই পেট্রোবাংলাকে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “বিগত বিএনপি সরকারের আমলে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম না নেওয়ায় বর্তমানে গ্যাস সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে।” একই প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, মধ্যমেয়াদি কর্মসূচির আওতায় কাতার থেকে দৈনিক ৫শ’ মিলিয়ন ঘনফুট হারে এলএনজি আমদানি এবং দেশীয় ও কার্যরত আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর উৎপাদনরত গ্যাসক্ষেত্রগুলো থেকে ২০১৩ সালের জুনের মধ্যে দৈনিক এক হাজার ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়বে। দীর্ঘ মেয়াদে ডিসেম্বর ২০১৫ নাগাদ দৈনিক আরো ৮৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি পাবে। গ্যাস অনুসন্ধানে বাপেক্সের নেওয়া কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এসব কার্যক্রম সফল বাস্তবায়ন হলে গ্যাসের মজুদ প্রায় ৩ থেকে সাড়ে তিন ট্রিলিয়ন বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।” মো. মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকারের সময় পানি উন্নয়ন বোর্ডের এডিপি বরাদ্দ ছিলো গড়ে পাঁচশ ৯১ কোটি টাকা। যা বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছিলো সাতশ’ ৭০ কোটি টাকা। “এর ফলে বিগত বিএনপি সরকারের সময় নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”- যোগ করেন তিনি। আশরাফুন নেছা মোশারফের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মৎস্য উৎপাদনে বর্তমান সরকারের নেওয়া পদেক্ষপ তুলে ধরেন। সানজিদা খানমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, বর্তমান সরকার চলতি বছর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক হাজার ৮৫২ জন প্রধান শিক্ষক ও ৩১ হাজার ১১ জন সহকারী শিক্ষক, মাধ্যমিক পর্যায়ে ৮০ জন প্রধান শিক্ষক ও এক হাজার ৯২০ জন সহকারী শিক্ষক এবং ৩০তম বিসিএস’র মাধ্যমে কলেজ পর্যায়ে সহস্রাধিক শিক্ষক নিয়োগ দিয়েছে। একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে উচ্চতর গবেষণা জন্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ৩৯টি প্রকল্পে প্রায় ছয় কোটি টাকা দেওয়া হয়েছে। ফরিদা আখতারের প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী, অতিথি ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচল গতিবিধি পর্যবেক্ষণ করতে মোট ১২২টি ডিজিটাল সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া আরো ৮০টি ক্যামেরা বসানোর কার্যক্রম হতে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৪৯ ঘ.