ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ আদালতে নিজের পক্ষে বক্তব্য তুলে ধরবেন সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেই।
কয়েকদিন ধরে এ নিয়ে বিএনপি নেতার নাটকীয় আচরণের পর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করেছে।
তবে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে চট্টগ্রামের এই সংসদ সদস্যের আবেদন নাকচ হয়েছে। ট্রাইব্যুনাল বলেছে, এ বিষয়ে কোনো আদেশ দেওয়ার এখতিয়ার এ আদালতের নেই।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করে সালাউদ্দিন কাদের যে আবেদন করেছেন, তার বিষয়ে আগামী ৫ ডিসেম্বর আদেশ হবে।
এছাড়া তার অনুপস্থিতিতে যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নেওয়ায় এ প্রক্রিয়া স্থগিতের জন্য সালাউদ্দিন যে আবেদন করেছেন, সে বিষয়েও ৫ ডিসেম্বর আদেশ দেবে ট্রাইব্যুনাল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের উপস্থিতিতেই তার চারটি আবেদনের শুনানি বুধবার পুরনো হাইকোর্ট ভবনে হয়।
শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলেন, বিএনপি নেতা কালক্ষেপণের জন্য এসব আবেদন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24