২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিকারুননিসা: পুনঃতদন্ত প্রতিবেদনের শুনানি পেছালো

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলার পুনঃতদন্ত প্রতিবেদনের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলার পুনঃতদন্ত প্রতিবেদনের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর সময় আবেদনে বুধবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আরিফুর রহমান আগামী ৫ জানুয়ারি শুনানির দিন ঠিক করেন। সময় আবেদনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফোরকান মিয়া বলেন, “বাদি আজ (বুধবার) আদালতে হাজির নেই। তাই এ শুনানি তার অনুপস্থিতিতে হওয়া উচিত নয়।” গত সোমবার এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল করেন। পুনঃতদন্তেও আগের মতোই প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার তৎকালীন প্রধান লুৎফর রহমানকে বাদ দিয়ে শুধু পরিমল জয়ধরকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়। পুনঃতদন্ত প্রতিবেদনটি মঙ্গলবার ট্রাইব্যুনালে এলে বিচারক বুধবার শুনানির দিন নির্ধারণ করেছিলেন। গত ১৪ সেপ্টেম্বর এ মামলায় প্রথমবার দাখিল করা তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদি নারাজির আবেদন জানালে মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। এদিকে পুনঃতদন্তের বিরুদ্ধেও বাদি নারাজির আবেদন করবেন কিনা তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন বাদির আত্মীয় মো. মজিবর রহমান। ভিকারুননিসার বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলাটি করেন ওই ছাত্রীর বাবা। পরিমলকে রক্ষায় হোসনে আরাও চেষ্টা চালিয়েছিলেন- এ অভিযোগ ওঠার পর ছাত্রীদের বিক্ষোভের মুখে তাকে অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গত ৬ জুলাই গ্রেপ্তার হওয়া পরিমল বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬১৫ ঘ.