২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমনের গানে কিষেনজি ‘বীর’

গানে সরাসরি মাওবাদী নেতার নাম উচ্চারণ করেননি সুমন, তবে প্রতিটি ছত্রে তা স্পষ্ট। সুমনের ভাষায়, গানই তার কথা বলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “বীর মরে বীরের মতো, বীর মরে একা,,,,,,,বন্ধুরা আবার হবে বিদ্রোহে দেখা”- আবার গান লিখলেন কবীর সুমন। ভারতের মাওবাদী নেতা কিষেণজি মারা যাওয়ার কয়েকদিনের মধ্যে এ গান নিয়ে এলেন তিনি। মাওবাদী বিদ্রোহীদের নিয়ে এর আগেও গান লিখেছেন, সুর দিয়েছেন সুমন। তবে এবার সুমনের গলায় যখন গান এলো, ঠিক তখনি কিষেনজিকে হত্যার যৌক্তিকতা তুলে ধরতে ব্যস্ত সুমনের নেত্রী মমতা বন্দোপাধ্যায়। গত ২৪ নভেম্বর গুলিতে নিহত হন ভারতের শীর্ষস্থানীয় মাওবাদী নেতা কোটেশ্বর রাও কিষেনজি। তার মৃত্যু ‘বন্দুকযুদ্ধে’ বলে নিরাপত্তা বাহিনী বললেও তাদের দাবির যথার্থতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় নিরাপত্তা বাহিনীর বক্তব্য সত্য মানলেও তার দলের পার্লামেন্ট সদস্য সুমনের উল্টোসুর প্রকাশ হলো টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। গানে সুমন বলেছেন- “এই দেশ সবার মাটি, নয়তো কারো নয়, যেখানে হবার কথা, সেখানেই লড়াই হয়।” গানের ছত্রে ছত্রে কিষেনজির হত্যার বহিঃপ্রকাশ ঘটলেও কোথাও নামটি উচ্চারণ করা হয়নি। এই বীর কে- জানতে চেয়ে তাকে ই মেইল পাঠানো হয় টাইমস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। জবাব আসে- “আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, প্লিজ।” এরপর আবার সুমনের একটি ই মেইল যায় টাইমস অফ ইন্ডিয়ায়; বলা হয়, তার ওয়েবসাইটটি দেখতে। সেখানে দেখা যায়, কিষেনজির লাশের ছবি এবং এ নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন। সুমন আরেকটি ই মেইলে বলেন, “প্রথমত আমি একজন গীতিকার, সুরকার ও শিল্পী। আমার গানই কথা বলবে।” তৃণমূলে যোগ দিয়ে লোকসভার সদস্য হলেও শুরু থেকেই বিভিন্ন বিষয়ে মমতার সঙ্গে মনকষাকষি চলছে সুমনের। কয়েকদিন আগেও সুমনকে নিয়ে বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আর তার মধ্যেই কিষেনজিকে নিয়ে গান লিখলেন সুমন। “কতকাল ঘুম হয়নি, এবার ঘুমের দেশ, তোমার এই ক্লান্তি ছোঁবে, সুমনের গানের রেশ,” এই বলেনই গানটি শেষ করেছেন দুই বাংলায় জনপ্রিয় এই শিল্পী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২২০৩ ঘ.