বরিশাল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাবেক বরিশাল পৌরসভা চেয়ারম্যান আহসান হাবিব কামালসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
মঙ্গলবার বরিশালের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ কে এম সলিমউল্লাহ চার আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন।
মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ২০১২ সালের ১২ জানুয়ারি।
অভিযোগ গঠনের সময় আহসান হাবিব কামাল অনুপস্থিত ছিলেন। কামাল বর্তমান বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির মৎস্যবিষয়ক সম্পাদক।
অপর অভিযুক্তরা হলেন ওই সময়ের পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক, সহকারী প্রকৌশলী খান মো. নুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুস সাত্তার ও ঠিকাদার মো. জাকির হোসেন।
টেলিফোন শিল্প সংস্থার দেওয়া সড়ক মেরামতের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে ২০০০ সালের ১১ অক্টোবর বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর জেলা শাখা মামলাটি দায়ের করে।
গত ২০ জুলাই এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আদালতের বেঞ্চ সহকারী ফারুক আহম্মেদ জানান, আহসান হাবীব কামাল আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন এবং তার অনুপস্থিতিতে অভিযোগপত্র গঠন করেন।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৫-৯৬ সালে আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যান থাকাকালে ভূগর্ভস্থ টেলিফোন লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য টেলিফোন শিল্প সংস্থা তিন কিস্তিতে ৪৫ লাখ টাকা দেয়।
এই টাকার একটি বড় অংশ আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.
bdnews24