২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পরিষদ আইন সংশোধন

উপজেলা পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বণ্টন করে উপজেলা পরিষদ (সংশোধন) বিল পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বণ্টন করে উপজেলা পরিষদ (সংশোধন) বিল পাস হয়েছে। মঙ্গলবার সংসদে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। তবে আশরাফ সাংবাদিকদের বলেছেন, উপজেলা পরিষদ শক্তিশালী করতে প্রয়োজনে আবারো আইন সংশোধন হবে। সংশোধিত আইনে উপজেলায় দায়িত্ব পালনরত কর্মকর্তাদের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন (এপিআর) দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে চেয়ারম্যানকে। তবে উপজেলা চেয়ারম্যানরা চাকরির বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) দেওয়ার অধিকার চেয়ে আসছিলো। আইন সংশোধনের ফলে উপজেলা চেয়ারম্যানরা পরিষদের অধিক্ষেত্রে ভূমি সংক্রান্ত বিষয়াদি ছাড়া অন্য সব সরকারি কাজে একক নির্বাহী কর্তৃত্ব প্রয়োগ করতে পারবেন। আগের হস্তান্তরিত ১৩ মন্ত্রণালয় ছাড়াও মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় বিভাগ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থানীয় কাজের নিয়ন্ত্রণ তত্ত্বাবধান করতে পারবেন চেয়ারম্যানরা। আগে যেসব মন্ত্রণালয় ও বিভাগ উপজেলার কাছে হস্তান্তর করা রয়েছে, সেগুলো হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজ কল্যাণ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন ইত্যাদি। সংশোধিত আইনে এসব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক কাজের মূল্যায়ন প্রতিবেদন উপজেলা চেয়ারম্যানরা দেবেন; যা চাকরির বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআরের অংশ বলে গণ্য হবে। তবে উপজেলা নির্বাহীসহ (ইউএনও) সব কর্মকর্তার এসিআর দেবেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপজেলা চেয়ারম্যানকে ক্ষমতাচ্যুত করতে হলে এখন পরিষদের চার-পঞ্চমাংশ সদস্যের সমর্থনে অনাস্থা প্রস্তাব অনুমোদন করতে হবে এবং এই প্রস্তাব বিভাগীয় কমিশনারের এখতিয়ারে নিষ্পত্তি হবে। আগে জেলা প্রশাসকের কাছে এই ক্ষমতা দেওয়া ছিল। এছাড়া কোনো ফৌজদারি অভিযোগ উত্থাপিত হলেই চেয়ারম্যানকে পদ থেকে অপসারণ করা যাবে না। যতক্ষণ না কোনো আদালত কর্তৃক অভিযোগ আমলে নেওয়া হবে ততক্ষণ কোনো চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। গত বছর ৬ ডিসেম্বর উপজেলা পরিষদ (সংশোধন) বিল সংসদে উপস্থাপন করা হয়। সোমবার এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন হয়। সংশোধিত আইনের বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ হাওলাদার সাংবাদিকদের বলেন, “সরকারের উদ্যোগ ইতিবাচক। এখন বাস্তবায়নের ওপর নির্ভর করছে সব কিছু।” অন্যদিকে বিল পাসের পর স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, সংশোধিত আইনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা বাড়ানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই এ সংশোধন করা হয়েছে। “এ আইনের মধ্যে কিছু কন্ট্রাডিকশন থাকতে পারে। প্রয়োজনে তা পরে সংশোধন করা হবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/২১১২ ঘ.