বরিশাল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষক জিন্নাত আলী হত্যা মামলার আসামি রুপম চন্দ্র দে ওরফে রূপা আদালতে জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার বরিশালের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আবুল বাশার মিঞা এই জবানবন্দি নেন বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান।
সোমবার যশোরের খাজুরা বাসস্ট্যান্ড থেকে রূপাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত শুক্রবার রাতে বরিশাল নগরীর রূপাতলী চান্দুর মার্কেটের সামনে এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জিন্নাত আলীকে (৫৮) ছুরিকাঘাত করা হয়। ঢাকা নেওয়ার পথে শনিবার বিকালে তার মৃত্যু হয়।
কলেজ পড়–য়া মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় থানায় ডায়েরি করার জেরে বখাটে হিসেবে পরিচিত রূপার ছুরিকাঘাতে নিহত হন জিন্নাত আলী।
এ ঘটনায় তার স্ত্রী কাজী শিরিন আক্তার রোববার কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওই মামলার দুই আসামি রূপা ও মিঠুকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24