২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃতদন্তেও হোসনে আরার সংশ্লিষ্টতা মেলেনি

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলার পুনঃতদন্তে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার তৎকালীন প্রধান লুৎফর রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলার পুনঃতদন্তে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার তৎকালীন প্রধান লুৎফর রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সোমবার এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল করেন। আগের মতোই হোসনে আরা ও লুৎফরকে বাদ দিয়ে শুধু পরিমল জয়ধরকে অন্তর্ভুক্ত করে এ প্রতিবেদন দেওয়া হয়েছে। পুনঃতদন্ত প্রতিবেদনটি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এই আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ফোরকান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ট্রাইব্যুনালের বিচারক মো. আরিফুর রহমান অধিকতর তদন্ত প্রতিবেদনটি গ্রহণযোগ্যতার শুনানির জন্য দিন রেখেছেন। গত ১৪ সেপ্টেম্বর এ মামলায় প্রথমবার দাখিল করা তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদি নারাজির আবেদন জানালে মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। মাহবুবে খোদাকে অধিকতর তদন্ত করার নির্দেশ দেন বিচারক। ভিকারুননিসার বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলাটি করেন ওই ছাত্রীর বাবা। পরিমলকে রক্ষায় হোসনে আরাও চেষ্টা চালিয়েছিলেন- এ অভিযোগ ওঠার পর ছাত্রীদের বিক্ষোভের মুখে তাকে অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গত ৬ জুলাই গ্রেপ্তার হওয়া পরিমল বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/২১০২ ঘ.