২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিল পাস হলেই প্রশাসক নিয়োগ: নানক

ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করতে সংসদে বিল পাস হওয়ার দু’এক দিনের মধ্যেই প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 08:21 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করতে সংসদে বিল পাস হওয়ার দু’এক দিনের মধ্যেই প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার সচিবালয়ে এক সভার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তবে আমলা নাকি রাজনীতিবিদদের মধ্য থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে- সে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, “প্রশাসককে অবশ্যই কামলা (কাজের লোক) হতে হবে।” প্রতিমন্ত্রী জানান, বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে (ডিসিসি) ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রেখে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন বিল মঙ্গলবারই সংসদে পাস হতে পারে। ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ- দুইভাগে ভাগ করতে গত ২৩ নভেম্বর সংসদেএই বিল তোলা হয়। প্রস্তাবটি যাচাই বাছাই করে মঙ্গলবার সংসদে প্রতিবেদন জমা দেয় এ সম্পর্কিত সংসদীয় কমিটি। প্রধান বিরোধী দল বিএনপি ঘোষণা দিয়েছে, সরকার ‘গণবিরোধী’ এ উদ্যোগ থেকে সরে না এলে তারা আন্দোলনে যাবে। তবে প্রতিমন্ত্রী নানক বলছেন, সিটি কর্পোরেশন এলাকায় সেবামূলক কাজ ‘সুচারুভাবে’ করতেই দুটি সিটি কর্পোরেশন করা হচ্ছে। তিনি যুক্তি দেন, ঢাকা মহানগর পূর্বে নারায়ণগঞ্জ, পশ্চিমে টঙ্গী এবং উত্তরে মেরাদিয়া পর্যন্ত বি¯তৃত হয়ে নতুন ঢাকা গড়ে উঠছে। পুরো এলাকায় জনগণের সেবা নিশ্চিত করতেই ডিসিসির বিভক্তি প্রয়োজন। “তবে ঢাকা সিটি কর্পোরেশনকে দুটি নয়; উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম- এ চার ভাগে ভাগ করা উচিত বলে আমি মনে করি”, যোগ করেন নানক। ‘ঢাকাকে ভাগ করা হচ্ছে না’- উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “ঢাকা ঐতিহ্যমণ্ডিতভাবে তার নিজস্ব জায়গায় থাকছে। সিটি কর্পোরেশনকে ভাগ করা হচ্ছে। সিটি কর্পোরেশন আর ঢাকা ভাগ করা এক বিষয় নয়। এ নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন।” ঢাকা সিটি কর্পোরেশনের ১০টি জোন অফিস কার্যকর না করেই কেন ডিসিসি ভাগ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “মানুষ জোন অফিসের ঠিকানা জানে না। জোনগুলোকে কার্যকর করার চেষ্টা করা হয়েছে, তবে করা যায়নি।” বিভক্তির পর দুই সিটি কর্পোরেশনে একইসঙ্গে নির্বাচন হবে কি না জানতে চাইলে নানক বলেন, নির্বাচন কমিশনই এ বিষয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৪১৬ ঘ.