নারায়ণগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূষিত বর্জ্য ফেলে শীতলক্ষ্ম্যা নদী দূষণের অভিযোগে জনি টেক্সটাইল মিলস লিমিটেডকে তিন কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার লালপুর এলাকায় অভিযান পরিচালনার সময় এ জরিমানা করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
এ সময় প্রতিষ্ঠানটির ডাইং কারখানা আপাতত বন্ধের নির্দেশও দেওয়া হয়।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনি প্রিন্ট গত ১০ বছরে আনুমানিক ৯ লাখ ২৮ হাজার ঘনমিটার দূষিত তরল বর্জ্য লালপুর খালে ফেলেছে। এ খাল দিয়ে দূষিত বর্জ্য সরাসরি শীতলক্ষ্ম্যা নদীতে পড়েছে।”
কারখানাটির কোনো বর্জ্য পরিশোধন প্লান্ট এবং পরিবেশ ছাড়পত্র নেই বলে জানান তিনি। পরিবেশ সংরক্ষণ আইনে এ কারখানাটি মারাতœক বিপজ্জনক হিসেবে ‘লাল’ শ্রেণীভুক্ত হিসেবে চিহ্নিত।
মুনীর চৌধুরী জানান, কারখানা কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যা পর্যন্ত দেড় কোটি টাকা পরিশোধ করেছে। এটি গত এক বছরে পরিবেশ অধিদপ্তর পরিচালিত জরিমানার মধ্যে সর্বোচ্চ।
আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে কারখানাটিকে বর্জ্য পরিশোধন প্লান্ট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় পর্যন্ত কারখানার ডায়িং শাখা বন্ধ থাকবে।
পরিশোধন প্ল্যান্ট স্থাপনে ব্যর্থ হলে কারখানার গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উৎপাদন সম্পূর্ণ বন্ধ এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- বলেন মুনীর চৌধূরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/সিএস/পিডি/২০৩৬ ঘ.
bdnews24