ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন বাহিনীর বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া খেতাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়।
স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধে অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে বীরশ্রেষ্ঠ, বীরপ্রতীক, বীরউত্তম এবং বীরবিক্রম খেতার দেওয়া হয়েছিল।
তবে স্বাধীনতার পরও বিভিন্ন বাহিনীতে বীরত্বের জন্য একই খেতাব কয়েকজনকে দেওয়া হয়। এর ফলে বিভ্রান্তি তৈরি হওয়ায় সরকারের এ পদক্ষেপ।
নতুন প্রস্তাব পাস হওয়ায় মুক্তিযুদ্ধের খেতাবগুলো আর কেউ ভবিষ্যতেও পাবেন না। বীরত্বের জন্য এখন থেকে বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়, বীর চিরঞ্জীব ও বীর দুর্জয় খেতাব দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে খেতাব (বীরশ্রেষ্ঠ, বীরপ্রতীক, বীরউত্তম, বীরবিক্রম) পাওয়া ব্যক্তিদের খেতাবের পাশে সাল উল্লেখ করা হবে বলে জানান প্রেসসচিব।
খেতাবের আর্থিক অনুদানের পরিমাণও বেড়েছে বলে জানান তিনি।
মন্ত্রিসভার সোমবারের বৈঠকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নীতিমালা- ২০১১ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়।
ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র স¤প্রসারণের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানান আবুল কালাম।
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে জানিয়ে প্রেসসচিব বলেন, এর মাধ্যমে দুই দেশের বিনিয়োগ সংক্রান্ত স্বার্থ সংরক্ষণ করা সহজ হবে।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার সফর করবেন। তখন মিয়ানমারের সঙ্গে এ চুক্তিটি সই হবে।
এছাড়াও সভায় সন্ত্রাস ও অপরাধ দমনে বিমসটেক কনভেনশন অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/২১০৩ ঘ.
bdnews24