ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে ডাকাতির অভিযোগে জনতার পিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুরের সেনপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো.শাহাবুদ্দিনের (২৫) গ্রামের বাড়ি শরিয়তপুরের ভেদরগঞ্জে। তিনি মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা।
মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সেনপাড়ার আস্থা ভবনের তৃতীয় তলার হোমল্যাণ্ড এজেন্সির অফিসে তিন ডাকাত অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুট করে পালানোর সময় জনতা ধাওয়া দিয়ে শাহাবুদ্দিনকে ধরে গণপিটুনি দেয়।
তিনি বলেন, পুলিশ শাহাবুদ্দিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০ নভেম্বর পল্লবীতে চোর সন্দেহে এক যুবককে এবং ২৬ নভেম্বর যাত্রাবাড়ির গোলাপবাগে বাক্কার ওরফে হাতকাঁটা বাক্কার নামে এক ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।
এদিকে, সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর পূর্ব মনিপুরী পাড়ায় কমলা হালদার (৮২) নামে এক বৃদ্ধ পঞ্চম তলা থেকে নিচে পড়ে আহত হন। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩টার দিকে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯২৯ ঘ.
bdnews24