২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলেছে চমেক, রাজনীতি বন্ধ

ছাত্রলীগের মারধরে ছাত্রদলকর্মীর মৃত্যুর ঘটনায় টানা ৩৭ দিন বন্ধ থাকার পর সোমবার খুলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 04:20 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের মারধরে ছাত্রদলকর্মীর মৃত্যুর ঘটনায় টানা ৩৭ দিন বন্ধ থাকার পর সোমবার খুলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিন উদ্দিন এ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাস খুললেও কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। সোমবার যথারীতি শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ছাত্রাবাসে তল্লাশির পর রোববার বিকাল থেকে শিক্ষার্থীদের আবাসিক হলে ঢুকতে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গত ১৯ অক্টোবর চমেকে ছাত্রলীগের কর্মীদের মারধরে গুরুতর আহত হন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রদলকর্মী মো. আবিদুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর তার মৃত্যু হয়। সহিংসতার আশঙ্কায় ওইদিন গভীর রাতে কলেজ বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে চমেকে সব ধরনের ছাত্র রাজনীতি ও ছাত্র সংসদের কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করা হয়। এদিকে কলেজ খোলার একদিন আগে রোববার হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হল প্রাধ্যক্ষ ও সুপারিনটেন্ডেন্টের উপস্থিতিতে হলে তল্লাশি চালানো হয়। তবে ছাত্রাবাসে কিছু পাওয়া যায়নি।” সোমবার সকাল থেকে কলেজে দুই প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/১০০২ ঘ.