নরসিংদী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি আশরাফুল সরকারকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
শনিবার দুপুরে নরসিংদীর সিনিয়ির বিচার বিভাগীয় হাকিম আশিকুল খবির এই আদেশ দেন।
গত ১ নভেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নরসিংদীর মেয়র লোকমান হোসেন মুখোশধারীদের গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর মামুনুর রশীদ ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি আশরাফুলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
এ সময় আসামিপক্ষ জামিনের আবেদন করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আতিকুল বারি চৌধুরী সুমন ও আদালতের সহকারী ইন্সপেটক্টর আশরাফ হোসেন আদালতকে জানান, প্রথমবার রিমান্ডে আশরাফুল মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
লোকমান হোসেন হত্যার ঘটনায় তার ভাই কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে এজাহারভুক্ত আসামি রয়েছেন একজন।
এদিকে লোকমান স্মরণে শনিবার বিকালে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চেম্বার ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া লোকমান হোসেনের মা মাজেদা বেগম তার বাসভবনে বোরবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলন ডেকেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24