ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এক কলেজে ভর্তি ফরম জমা দিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রী নিহত হয়েছে।
নিহত লায়লাতুল জাকিয়া রিমা (২১) নামে ওই ছাত্রী ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে øাতকে ভর্তির ফরম জমা দিয়ে ফিরছিলেন।
মোটর সাইকেলে চড়ে ফেরার পথে শনিবার দুপুর আড়াইটার দিকে জুরাইন আলম মার্কেটের কাছে কাভার্ড ভ্যানের চাপায় তিনি নিহত হন।
রিমার বাবা জাকির হোসেন বাচ্চু মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত রিমাকে দেখতে যান এবং নিহতের পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাদের সান্ত্বনা দেন।
নিহতের স্বামী শামীম হাওলাদার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, বাসায় ফেরার সময় পোস্তগোলায় মোটর সাইকেলের চাকা পিছলে সেটি বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায়।
এতে রিমা মোটর সাইকেলের সঙ্গে ভ্যানটির নিচে পড়ে মারাত্মক আহত হন বলে জানান তিনি।
শামীম বলেন, পাশে থাকা দমকল বাহিনীর কার্যালয় থেকে কর্মীরা রিমাকে উদ্ধার করে দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাত মাস আগে তাদের বিয়ে হয়। তাদের বাসা পূর্ব কদমতলীতে।
কদমতলী থানার ওসি শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
এক বোন এক ভাইয়েরর মধ্যে রিমা ছিলেন বড়। তার ছোট ভাই অমি নবম শ্রেণীর ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২৩১৩ ঘ.
bdnews24