২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন কথাশিল্পী রশীদ করিম

কবি শামসুর রাহমান যাকে দেশের অন্যতম সেরা গদ্যকার বলতেন- সেই রশীদ করিম মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 08:17 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কবি শামসুর রাহমান যাকে দেশের অন্যতম সেরা গদ্যকার বলতেন- সেই রশীদ করিম মারা গেছেন। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত ৩টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান একুশে পদক পাওয়া এই কথাশিল্পী। তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। ঢাকার সাহিত্য অঙ্গনের কর্মীরা জানান, শনিবার জোহরের পর ধানমন্ডির বায়তুল আমান মসজিদে রশীদ করিমের জানাজা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডি ৬ নম্বরে রোডের বাসায়। শেষ জানাজা হবে বাংলা একাডেমীতে, বিকেল ৪টার দিকে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। তার সম্পর্কে কবি শামসুর রাহমান বলেছিলেন, “রশীদ করিম আমাদের দেশের অন্যতম সেরা গদ্যকার। তার উত্তম পুরুষ উপন্যাসের ভাষা আশ্চর্য সহজ-সরল ও আধুনিক। রশীদ করিমকে আমি আমার সেরা বন্ধু মনে করি।” উত্তম পুরুষ ছাড়াও তার লেখা উপন্যাসের মধ্যে রয়েছে প্রসন্ন পাষাণ, আমার যত গ্লানি, প্রেম একটি লাল গোলাপ ও সাধারণ লোকের কাহিনী। গল্পগ্রন্থ লিখেছেন একটি- প্রথম প্রেম। এছাড়া তার প্রবন্ধ নিয়েও তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৯২৫ সালের ১৪ অগাস্ট কলকাতায় জন্মগ্রহণ করে রশীদ করিম। ছেলেবেলা কেটেছে কলকাতাতেই। তার লেখা ‘আয়েশা’ গল্পটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪২ সালে। দেশ ভাগের পর কলকাতা ছেড়ে চাকরি নিয়ে ঢাকায় চলে আসেন এই সাহিত্যিক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন বিষয় উঠে এসেছে তার লেখায়। ১৯৯২ সালে পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার পর থেকে হুইল চেয়ারেই চলাফেরা করতেন তিনি। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৭২ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং ১৯৮৪ সালে একুশে পদক পান রশীদ করিম। ১৯৬৯ সালে আদামজী পুরস্কারও পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৪১১ ঘ.