ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব-৪ এর একটি দল।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার সকালে মিরপুর র্যাব-৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন (২৮), মো. ইসমাইল (২৭), মো. রাজু আহম্মেদ (২০), মো. রাজা (২৭) ও মো. রুবেল হোসেন ওরফে ইমরান (২২)।
তাদের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার, ৩ রাউন্ড গুলি, ১ রাউন্ড কার্তুজ, চারটি রামদা, একটি ছুরি ও একটি ওয়াকিটকি পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক সাব্বির আহম্মেদ সিদ্দিকী বলেন, এ পাঁচ জন ডাকাতির পাশাপাশি টাকার বিনিময়ে বিভিন্ন বাড়ি দখল ও মহাসড়কে চাঁদাবাজি করতো।
তিনি বলেন, “আনোয়ার হলেন এই চক্রের দলনেতা। এই পাঁচ জন ছাড়াও এ দলে আরো চার জন রয়েছে।”
আনোয়ারের বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় ছয়টি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
তবে আনোয়ার সাংবাদিকদের বলেন, তাদের পরিবারের ২০ কাঠা জমি রয়েছে। ওই জমি নিয়ে বিরোধের কারণে তার নামে মামলাগুলো হয়েছে।
তিনি দাবি করেন, তার কাছে কোনো অস্ত্র ছিলো না। তারা ব্যাডমিন্টন খেলতে জড়ো হয়েছিলেন। র্যাব তাদের ধরে নিয়ে আসে।
এ কথা বলার সঙ্গে সঙ্গে র্যাব অধিনায়ক সাব্বির গ্রেপ্তার আনোয়ারকে বলেন, “তোমার কোমরে বিদেশি পিস্তলটি ছিলো না?”
জবাবে আনোয়ার বলেন, “স্যার, আমার সঙ্গে কোনো অস্ত্র ছিলো না।”
তখন র্যাব জানায়, আনোয়ার অস্ত্র থাকার কথা এখন অস্বীকার করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২৪৩ ঘ.
bdnews24