কুমিল্লা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইভিএম ব্যবহার এবং সেনা মোতায়েন না করার সিদ্ধান্তে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি।
বর্তমান সরকারের অধীনে স্থানীয় সরকারের অন্য নির্বাচনগুলোতে অংশ নিলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের ৭ ঘণ্টা আগে বর্জনের ঘোষণা দিয়েছিলো বিএনপি।
কুমিল্লার ক্ষেত্রে দেড় মাস আগেই সিদ্ধান্ত জানালো স্থানীয় বিএনপি। বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন, এ বিষয়ে দলের জেলা শাখাই সিদ্ধান্ত নেবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মেয়র পদে প্রার্থী হতে প্রচার চালিয়ে যাওয়া হাজী আমিনুর রশীদ ইয়াছিন উপস্থিত থাকলেও ছিলেন না অন্য জন মনিরুল হক সাক্কু।
ইয়াসিন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। অন্যদিকে প্রয়াত নৌপরিবহনমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল আকবর হোসেনের ভাগ্নে সাক্কু ছিলেন কুমিল্লা পৌরসভার মেয়র।
কুমিল্লা টাউন হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইয়াছিন বলেন, “নির্বাচন কমিশন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) না ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দিলে আমরা এখনো নির্বাচনে যেতে প্রস্তুত।”
কেন্দ্রীয় সহসভাপতি রাবেয়া ছাড়াও সম্মেলনে ছিলেন জেলা সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপি সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদল সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদল সভাপতি উৎবাদুল বারী আবু, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সার প্রমুখ।
সাক্কুর অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক ইয়াছিন বলেন, “তিনি হয়তো ইভিএমের বিরুদ্ধে জনমত গঠনে মাঠে জনসংযোগ করছেন।”
ইয়াছিন বলেন, “দেশবাসী ইভিএম চায় না। নারায়ণগঞ্জের নির্বাচনে প্রমাণ হয়েছে এ পদ্ধতিতে বেশ ত্র“টি আছে।”
গত ২২ নভেম্বর নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা জানান, এ নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ হবে। সেনা মোতায়েন না করার কথাটিও তখন জানান তিনি।
তফসিল অনুযায়ী, মেয়রসহ অন্য জনপ্রতিনিধি নির্বাচনে আগামী ৫ জানুয়ারি ভোট দেবেন কুমিল্লা নগরবাসী।
নির্বাচন কমিশন ধাপে ধাপে ইভিএম ব্যবহার বাড়াতে থাকলেও শুরু থেকেই এ নিয়ে আপত্তি জানিয়ে আসছে বিরোধী দল।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার হয়েছিলো। সে নির্বাচনে অংশ নিয়ে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়।
গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এত-তৃতীয়াংশ ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ হয়। তাতে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলো বিএনপি।
কুমিল্লায় ইভিএম ব্যবহার এবং সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত বাতিল করতে গত মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনকে চিঠি দেয়।
তবে ইভিএমের পক্ষে এবং সেনা মোতায়েনের বিপক্ষে যুক্তি তুলে ধরেই সে চিঠির জবাব দেয় নির্বাচন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২২০৪ ঘ.
bdnews24