চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে রোববার চট্টগ্রামে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট।
নগরীর লালদীঘি ময়দানে আয়োজিত ওই সমাবেশে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদ জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এই সমাবেশে নগর আওয়ামী লীগের দ্বিধাবিভক্ত উভয়পক্ষের নেতাদের একই মঞ্চে দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মো. সাহাবুদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সরকার যুদ্ধাপরাধের বিচার শুরু করলেও তা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে।
“বিএনপি নেত্রী খালেদা জিয়া বলছেন, এরা যুদ্ধাপরাধী নয়। বিএনপি আদালতের কার্যক্রমকে ব্যাহত করারও চেষ্টা করছে।”
সাহাবুদ্দিন বলেন, দ্রুত এ বিচার শেষ করার দাবিতে সাধারণ মানুষ যাতে সোচ্চার হয় সেজন্য আমরা কাজ করবো।
তিনি জানান, সমাবেশে মক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু, জেলা (উত্তর) সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ চট্টগ্রামের সব সংসদ সদস্য ও মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/২১০৪ ঘ.
bdnews24