ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্রাজ্যবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে শনিবার ঢাকা আসছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওবাদী) চেয়ারম্যান পুষ্প কমল দহল প্রচণ্ড।
সম্মেলনের সহ আয়োজক বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বর এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল রামজে ক্লার্ক, ভারতের কমিউনিস্ট নেতা মানিক মুখোপাধ্যায়সহ ২৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
ইন্টারন্যাশনাল অ্যান্টি-ইম্পেরিয়ালিস্ট অ্যান্ড পিপলস সলিডারিটি কো-অর্ডিনেটিং কমিটির (আইএপিএসসিসি) সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে বাসদ। ঢাকার আয়োজনটি হবে সাম্রাজ্যবাদবিরোধী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। এর আগে ভারত ও লেবাননে প্রথম দুটি সম্মেলন হয়।
খালেকুজ্জামান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী আক্রমণ, হামলা, দখল এবং অবরোধের বিষয়ে এ সম্মেলনে আলোচনা হবে। একইসঙ্গে বাসদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপিত হবে।
নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার পর মাওবাদী নেতা প্রচণ্ড ২০০৮ সালের আগস্টে দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে মতবিরোধে পরের বছর মে মাসে তিনি পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৪০৭ ঘ.
bdnews24