২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহসিন উচ্চ বিদ্যালয় ৫২ জনের কাজ করছেন ৯ শিক্ষক

নিয়ম অনুযায়ী ৫২ জন শিক্ষক থাকার কথা থাকলেও মাত্র নয় জন শিক্ষক দিয়ে চলছে চট্টগ্রামের ১৩৭ বছরের পুরনো একটি সরকারি স্কুল। শিক্ষক সংকটের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানকে সরিয়ে নিচ্ছেন অন্য স্কুলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 05:52 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ম অনুযায়ী ৫২ জন শিক্ষক থাকার কথা থাকলেও মাত্র নয় জন শিক্ষক দিয়ে চলছে চট্টগ্রামের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দুটি পালা (শিফট)। এতে মানসম্মত পাঠদানে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীরাও হচ্ছে বঞ্চিত। সরকারি মহসিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সংস্থাপন শাখা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিদপ্তরকে বিষয়টি জানানোর পরও কোনো কাজ হচ্ছে না। ১৮৭৪ সালে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধীনে এ স্কুল প্রতিষ্ঠার পর ১৯৯৬ সালে কলেজ থেকে এটিকে আলাদা করে শিক্ষক দেওয়া হয় মাত্র ১০ জন। তখন শিফট ছিলো একটি। বর্তমানে দুই শিফট মিলিয়ে এ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৪০ জন। স্কুলের সহকারী প্রধান শিক্ষকের পদটি খালি রয়েছে গত ১৫ বছর ধরে। স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক মিনতি দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ থেকে আলাদা হওয়ার আগ পর্যন্ত স্কুলে ১৪ জন শিক্ষক ছিলো। তবে পরে চার জনকে অন্য স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ২০০৮ সালে দুই শিফট চালু করা হলেও শিক্ষক সংখ্যা বাড়েনি। হাজিরা খাতার তথ্য অনুযায়ী পঞ্চম শ্রেণীতে প্রথম পালায় ৭৬, দ্বিতীয় পালায় ৭৬ জন; ষষ্ঠ শ্রেণীতে ৮০ ও ৮১; সপ্তম শ্রেণীতে দুই পালাতেই ৮৬ জন করে; অষ্টম শ্রেণীতে ১১০ ও ৮৬; নবম শ্রেণীতে ৭৬ ও ৮৪ এবং দশম শ্রেণীতে প্রথম পালায় ১০৭ ও দ্বিতীয় পালায় ৯২ জন শিক্ষার্থী রয়েছে। সহকারী শিক্ষক মো. আবু তাহের বলেন, “বছরের শুরুতেও স্কুলে ১২শ’ শিক্ষার্থী ছিলো। শিক্ষক সংকট দেখে অনেক অভিভাবক তাদের সন্তানদের অন্য স্কুলে নিয়ে গেছেন।” প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাত্র নয় জন শিক্ষক দিয়ে এতগুলো ছাত্রের ক্লাশ নিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও ভালো ফলের জন্য শিক্ষকরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এ অবস্থা অমানবিক।” “প্রতিটি সরকারি স্কুলের এক শিফটের জন্য একজন প্রধান শিক্ষকসহ ২৬ জন শিক্ষক থাকার কথা। সেই হিসেবে এখানে থাকার কথা ৫২ জন”, যোগ করেন তিনি। স্কুল কমিটির অভিভাবক প্রতিনিধি এ কে এম আবু বকর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ স্কুলে দুই শিফট চালু করা হয়। সে সময় শিক্ষক সংকটের কথা জানিয়ে দুই শিফট চালু না করতে অনুরোধ জানানো হয়েছিল অভিভাবকদের পক্ষ থেকে। কিন্তু শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তা শোনেনি। তিনি বলেন, “এখন যেভাবে স্কুল চলছে তাতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা খুবই কঠিন।” প্রধান শিক্ষক জানান, চলতি বছর এ স্কুল থেকে ১৮৪ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। গত বছরের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮০ জন। আর প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৬০ জনের মধ্যে সবাই পাস করেছে। শিক্ষক বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় ‘তদবির’ করেও কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন আব্দুল মতিন। তিনি বলেন, “চলতি বছর সরকার দেশের ৮২টি ‘ডাবল শিফট’ স্কুলে নতুন শিক্ষক নিয়োগ দিলেও আমরা কাউকে শিক্ষক পাইনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/জেকে/১১৪০ ঘ.