২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি চুক্তির সংশোধন দরকার: সুলতানা কামাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আর্ন্তজাতিক কমিশনের প্রতিনিধি দলের প্রধান সুলতানা কামাল বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির কিছু সংশোধন, কিছু পরিবর্তন, পরিমার্জন দরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 05:57 PM

Updated : 24 Aug 2022, 04:56 PM

রাঙামাটি, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আর্ন্তজাতিক কমিশনের প্রতিনিধি দলের প্রধান সুলতানা কামাল বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির কিছু সংশোধন, কিছু পরিবর্তন, পরিমার্জন দরকার। পার্বত্য চট্টগ্রাম সফরে গিয়ে বৃহস্পতিবার রাঙামাটিতে কমিশনের কো-চেয়ার এ্যাডভোকেট সুলতানা কামাল সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট প্রত্যেকের রাজনৈতিক সদিচ্ছা থাকলে চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত হতে পারে। পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য বৃহস্পতিবার খাগড়াছড়ি থেকে রাঙামাটিতে কমিশনের প্রতিনিধি দল দুদিনের সফরের যায়। দুপুরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সম্মেলন কক্ষে পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সঙ্গে প্রতিনিধি দল দু’ঘণ্টা বৈঠক করে। বৈঠকের পর সুলতানা কামাল বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি যারা বসবাস করছে তারা সবাই যেন ভালোভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে কমিশনের পক্ষ থেকে সেই পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিনিধি দলটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতাদের সঙ্গেও বৈঠক করে। প্রতিনিধি দলে অন্য সদস্যরা হলেন অপর কো-চেয়ার এলসা স্টামাটাপৌলৌ, সদস্য ব্যারিস্টার সারা হোসেন, স্বপন আদনান, এনকা আরেন্স্ ও সমন্বয়কারী হানা সামস। এদিকে, পার্বত্য চট্টগ্রাম কমিশনের প্রতিনিধি দল খাগড়াছড়ি থেকে রাঙামাটি আসার পথে নানিয়ারচরের বগাছড়ি এলাকায় কমিশনের গাড়ি বহর এক ঘণ্টা আটকে রাখা প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, গাড়ি বহরে বাধা দেওয়ার কথা ঠিক নয়। শুক্রবার কমিশনের প্রতিনিধি দলটি বান্দরবান সফরে যাওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রাঙামাটি/এমএইচপি/পিডি/২৩৫৬ ঘ.