নওগাঁ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় ধামইরহাট উপজেলার চেয়ারম্যানসহ ২০ জনকে আসামি করে আদালতে হত্যামামলা হয়েছে।
১৫ নভেম্বর সন্ধ্যায় ধামইরহাট উপজেলার আগ্রদিগুন ইউনিয়নের ধূলাইরীতে শাহাজান আলী ও তার বন্ধু ফজলুর রহমানকে ডাকাত সন্দেহে ব্যাপক মারধর করা হয়। এতে দুজনই মারা যান।
নিহত শাহাজানের বাবা মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার নওগাঁর ৪ নম্বর আমলি আদালতে এ মামলা করলে বিচারক মোহাম্মদ খোরশেদ আলম বিষয়টি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, বিগত উপজেলা এবং ইউপি নির্বাচন নিয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে নিহতদের বিরোধ হলে চেয়ারম্যান দেলদার হোসেন তাদের হুমকি দেন।
ঘটনার বর্ণনা দিয়ে এজাহারে বলা হয়, গত ১৫ নভেম্বর শাহজাহান ও তার বন্ধু ফজলুর মটর সাইকেলে করে ধূলাইরীতে পৌঁছলে ১৫/২০ জন তাদের পথরোধ করে ডাকাত বলে মারধর করে লদিপুর মাদ্রাসার একটি ঘরে আটকে রাখে। এরপর চেয়ারম্যানের নির্দেশে হত্যার পর পুলিশকে খবর দেয়।
সেদিন রাত ১১টার সময় ওই মাদ্রাসার একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২৪৫ ঘ.
bdnews24