ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ড্যান মজিনা রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিচয়পত্র তুলে ধরেছেন। এর মধ্য দিয়েই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলেন জেমস এফ মরিয়ার্টির উত্তরসূরি।
বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বি¯তৃত, গভীর ও শক্তিশালী করতে তার আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া উভয় দেশ ও এদের জনগণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স¤প্রদায়ের স্বার্থে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত।
তিনি বলেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।”
“বাংলাদেশে আবার আসার এবং বর্তমান ও ভবিষ্যতে বাংলাদেশের সব নাগরিকের জন্য এদেশকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, সমৃদ্ধ, ও গণতান্ত্রিক দেশ হিসেবে এগিয়ে নিতে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞতা বোধ করছি।”- যোগ করেন মজিনা।
বাংলাদেশে দ্বিতীয় বারের মতো দায়িত্ব পালন করতে গত ১৯ নভেম্বর ঢাকা আসেন মজিনা। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল মেয়াদে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কনস্যুলার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মজিনার আগে ২০০৮ সালের ২১ এপ্রিল থেকে ২০১১ এর ১৭ জুন পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন জেমস এফ মরিয়ার্টি।
বাংলাদেশে আসার আগে ইউএস ন্যাশনাল ওয়ার কলেজে জাতীয় নিরাপত্তা বিষয়ে অধ্যাপনা এবং এর আগে অ্যাঙ্গোলায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মজিনা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে আফ্রিকার দক্ষিণাঞ্চলে এবং দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রীয় পদে কাজ করেছেন মজিনা। ঢাকা ছাড়া নয়াদিল্লী ও ইসলামাবাদে এবং আফ্রিকা মহাদেশের জাম্বিয়া, জায়ার ও অ্যাঙ্গোলায় দায়িত্ব পালন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এএইচ/পিডি/১৮২৩ ঘ.
bdnews24