২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি জটিলতা নিয়ে জাফর ইকবালের মত নেবে আদালত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সৃষ্ট জটিলতা নিরসনে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মতামত শুনবে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সৃষ্ট জটিলতা নিরসনে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মতামত শুনবে আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষককে হাজির হতে নির্দেশ দিয়েছে। অধ্যাপক ইকবালকে আগামী ২৮ নভেম্বর আদালতে গিয়ে এ বিষয়ে মতামত দিতে হবে। তার নাম রাষ্ট্রপক্ষ প্রস্তাব করে। গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশ হয়। কিন্তু প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলে গত ২২ নভেম্বর আগের ফলাফলে উত্তীর্ণ ১২ শিক্ষার্থী এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে। এ আবেদনের শুনানিতে বৃহস্পতিবার আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায়, সমস্যা সমাধানে কোনো মত বা সুপারিশ আছে কি না। তখন ডেপুটি আ্যটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, “ড. মুহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অন্যতম পুরোধা। উনি এ বিষয়ে মতামত দিতে পারেন।” রিট আবেদনে পুনর্মূল্যায়িত ফলের ভিত্তিতে ভর্তি করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়। নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও চ্যালেঞ্জ করে আবেদনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৯ ডিসেম্বর নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দিন ঠিক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এমআই/১৫২১ ঘ.