২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পরিবহন ব্যবস্থায় সমন্বয়ে নতুন কর্তৃপক্ষ

রাজধানীর পরিবহন ব্যবস্থার মধ্যে সমন্বয় এনে একে আধুনিক করতে যোগাযোগমন্ত্রীকে চেয়ারম্যান করে ২৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের বিধান রেখে একটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পরিবহন ব্যবস্থার মধ্যে সমন্বয় এনে একে আধুনিক করতে যোগাযোগমন্ত্রীকে চেয়ারম্যান করে ২৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের বিধান রেখে একটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বুধবার সংসদে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) বিল উত্থাপন করেন। এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে চার সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে হবে। প্রস্তাবিত আইন অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলা গঠিতব্য এই কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হবে। ঢাকার যানবাহন ব্যবস্থার সমন্বয় এখন করছে ‘ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড-ডিটিসিবি’। এর চেয়ারম্যান বর্তমানে পদাধিকার বলে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র। ডিটিসিবির ক্ষেত্র বাড়িয়ে ডিটিসিএ করা হচ্ছে। “তার অধিক্ষেত্র ডিসিসিতে সীমাবদ্ধ। প্রস্তাবিত খসড়ায় এর অধিক্ষেত্র ঢাকার ছয় জেলাকে অন্তর্ভুক্ত করার কারণে মেয়রের পরিবর্তে যোগাযোগমন্ত্রীকে এতে অন্তর্ভূক্ত করা হয়েছে,” বলেন আবুল হোসেন। পরিচালনা পর্ষদে সদস্য থাকবেন- ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, সাভার, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টঙ্গী ও নরসিংদী পৌরসভার মেয়র, সরকার মনোনীত ঢাকার দুজন সংসদ সদস্য, সড়ক ও রেলপথ এবং সেতু বিভাগের সচিব, এলজিআরডি সচিব, নৌ পরিবহন, স্বরাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, সওজ এর প্রধান প্রকৌশলী, রেলওয়ের মহাপরিচালক, বিআরটিসি, বিআরটিএ ও বিআইডব্লিউটিএ ও রাজউক চেয়ারম্যান, ঢাকা বিভাগীয় কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২৩০৯ ঘ.