নাটোর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার ১৫ আসামির জামিন আবেদন নাকচ করেছে আদালত।
বুধবার নাটোরের দায়রা জজ আদালত এই আদেশ দেয়।
দায়রা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম জানান, দুপুরে আদালতে এই মামলার কারাবন্দি আসামি বনপাড়া পৌরসভা মেয়র কে এম জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, আব্দুর রাজ্জাক ও সাবেক ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেনসহ ১৫ জনের পক্ষে অন্তর্বর্তী জামিনের জন্য দু’টি পৃথক আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত আবদেন নাচক করে দেয়।
একইসঙ্গে ডিসেম্বরের অবকাশকালীন আদালতের দ্বিতীয় বৈঠকে এ ব্যাপারে শুনানির দিন ধার্য করা হয়।
এর আগে আসামিরা উচ্চ আদালতের ৬ মাসের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গত ২০ নভেম্বর আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে ওইদিনই তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত বছর ৮ অক্টোবর বনপাড়া বাজারে দুর্বৃত্তরা সানাউল্লাহ নূরকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় তার স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে কে এম জাকির হোসেনসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৯ ঘ.
bdnews24