শেরপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতে ‘হয়রানি’র প্রতিবাদে ২৬ ঘণ্টা বন্ধ রাখার পর শেরপুর শহরের দোকানপাট আবার খুলেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুর ৩টা থেকে শহরের সব দোকানপাট অনির্দিষ্টকাল বন্ধ রাখার ঘোষণা দেয় শহরের দোকান মালিক ঐক্য পরিষদ।
বুধবার জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান ব্যবসায়ীদের পাঁচদফা পূরণের আশ্বাস দিলে বিকাল ৫টায় তারা দোকানপাট খুলে দেন বলে জানান সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক গোলাম মোহাম্মদ কিবরিয়া।
এর আগে দুপুরে শহরের শহীদ বুলবুল সড়কের করিম পাগলা মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশ করে শেরপুর সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ।
সমাবেশ শেষে ব্যবসায়ীদের একটি মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে।
পরে ব্যবসায়ীরা পাঁচদফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন জেলা প্রশাসক বরাবর।
ব্যবসায়ীদের পাঁচদফা দাবির মধ্যে রয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে অযৌক্তিক জরিমানা আদায় বন্ধ, সদর ইউএনও মো. কামাল হোসেন এবং তার স্ত্রী শ্রীবরদীর ইউএনও গুলশানারাকে শেরপুর থেকে প্রত্যাহার ও মোবাইল কোর্টের সময় চেম্বার অব কমার্সের প্রতিনিধিকে সঙ্গে রাখা।
মঙ্গলবার সকালে বিএসটিআই’র কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের একটি ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন দোকান মালিককে জরিমানা করলে ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে হয়রানির অভিযোগ তুলে দুপুর থেকে তারা দোকানপাট বন্ধ করে দেন।
এ ব্যাপারে সদর ইউএনও কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে দোকানে ভেজাল পণ্য, অপরিচ্ছন্ন পরিবেশ ও পরিমাপ যন্ত্রে ত্রুটি পাওয়া গেছে তাদের জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24