ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে।
সহকারী পুলিশ সুপার সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সদরপুর ইউনিয়নের বড়বড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার রাজা (৩০) এবং মেহেরপুরের গংনী উপজেলার লিটন (২৬)। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৬ রাউন্ড বন্ধুকের গুলি, ৬টি ককটেল উদ্ধার করেছে।
সৈয়দ মোস্তফা কামাল বলেন, কয়েকজন সন্ত্রাসী গোপন বৈঠক করছে- এমন খবর পেয়ে রাতে বড়বড়িয়া এলাকায় অভিযান চালায় মিরপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ইপিলইপিল বাগানের ভেতর থেকে রাজা ও লিটনের লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে দুটি এলজি, ছয়টি ককটেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, রাজার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় হত্যাসহ ১১টি এবং লিটনের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তাদের লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১৬ ঘ.
bdnews24