২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া ফেরতে সাবধান থাকার পরামর্শ মন্ত্রীর

লিবিয়া ফেরতসহ দেশটিতে যেতে আগ্রহীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া ফেরতসহ দেশটিতে যেতে আগ্রহীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, লিবিয়ায় কর্মী প্রেরণে আনুষ্ঠানিক কার্যক্রম এখনো শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার দেশটি থেকে ফিরে আসা আগ্রহী কর্মীদের আবারো পাঠানো শুরু করবে। ঢাকায় মহাখালী ব্র্যাক সেন্টারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উদ্যোগে ‘লিবিয়া ফেরৎ কর্মীদের পুনর্বাসন ও পুনঃঅভিবাসন বিষয়ে পরামর্শ সভা’য় মন্ত্রী এ কথা বলেন। লিবিয়া থেকে ফিরে আসা কর্মীদের পুনরায় নিতে ত্রিপোলীর বাংলাদেশ মিশন সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে বলে মোশাররফ জানান। এ বছরের শুরুতে লিবিয়ায় যুদ্ধ শুরু হলে ৩৫ হাজার বাংলাদেশি ফিরতে বাধ্য হয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার নিরাপদ অভিবাসন ও স¦ল্প-ব্যয়ে অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। লিবিয়া ফেরৎ কর্মীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত এবং দেশে কর্মসংস্থানের ব্যাপারেও সরকার সচেষ্ট। অতিরিক্ত অভিবাসন ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, “অনিয়ন্ত্রিত ও উচ্চ অভিবাসন ব্যয় বিদেশ যেতে আগ্রহী কর্মীদের জন্য কষ্টের কারণ। এখনো বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় অন্য দেশের চেয়ে বেশি। এতে আমাদের অভিবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।” অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সরকারের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন মন্ত্রী। ব্র্যাক সেন্টারের সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ ও আইওএম’র এশীয় অঞ্চল প্রতিনিধি রাবাব ফাতেমা বক্তৃতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২৩৫ ঘ.