ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য এ টি আহমেদুল হক চৌধুরীকে প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
এর আগে সকালে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ নিয়োগের কথা নিশ্চিত করেছিলেন।
বিদায়ী চেয়ারম্যান সা’দত হুসাইনের চাকরির মেয়াদ বুধবারই শেষ হয় বলে কমকর্তারা জানান।
২০০৯ সালের ২৩ জুন পিএসসিতে যোগ দেওয়ার আগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন আহমেদুল হক।
এদিকে আহমেদুল হক চেয়ারম্যান হওয়ায় তার শূন্য পড়ে পিএসসি-তে একজন সদস্য নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসনের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব কাজী নাসিরুল ইসলামকে সদস্য নিয়োগের প্রজ্ঞাপনও বুধবার জারি করা হয়।
সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি পিএসসি’র চেয়ারম্যান ও সদস্য পদে এসব নিয়োগ দেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২০০০ ঘ.
bdnews24