গাইবান্ধা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক ভুমিহীনকে দেওয়া খাস জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে চন্দিয়া গ্রামে এ হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড গুলি ছুঁড়েছে।
হামলায় আহত ইয়াদ আলী (৫০), মইফুল (৭০), হালিমা বেগম (২০), সিরাজুল ইসলাম (৪৫) ও জুলেখা বেগমকে (৪২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুলছড়ি থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা প্রশাসন চন্দিয়া গ্রামের ভুমিহীন সিরাজুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমকে ১৯৮৮ সালে ৭১ শতাংশ খাসজমি বন্দোবস্ত দেয়।
কিন্তু গ্রামের আকালু বেপারী ও তার লোকজন জমিটি দখল করে রাখে।
সম্প্রতি আদালতের নির্দেশে ওই জমি সিরাজুল-জুলেখাকে বুঝিয়ে দেয় প্রশাসন। এরপর সেখানে এবার আমন ধান চাষ করে তারা।
মঙ্গলবার দুপুরে দখল পাওয়া ওই জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন লাটিসোটা, রাম দাসহ দেশি অস্ত্র নিয়ে সিরাজুল ও তার লোকজনের উপর হামলা চালায়। বাড়িঘর ভাংচুর করে তারা। এতে ৫ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২৩৫ ঘ.
bdnews24