২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটি থেকে অলির অপসারণ দাবি

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকে এলডিপি সভাপতি অলি আহমদের অপসারণ দাবি করেছে স্বেচ্ছাসেবক লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকে এলডিপি সভাপতি অলি আহমদের অপসারণ দাবি করেছে স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ দাবি জানানো হয়। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়াবাসীর ‘পক্ষ থেকে’ এ দাবি জানান। তিনি কর্নেল (অব.) অলি আহমদের উদ্দেশে বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কুশপুত্তলিকা দাহসহ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।” প্রধানমন্ত্রী ও স্থানীয় মহিলা সাংসদকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির নতুন মিত্র এলডিপি’র সভাপতি অলি আহমেদের বিরুদ্ধে গত রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মানহানির মামলা করেন চন্দনাইশের এক ব্যবসায়ী। গত ১৮ নভেম্বর চন্দনাইশ এলডিপি’র সমাবেশে অলি বলেন, “চন্দনাইশে একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যা সমাধান করা যাবে না, তাই বেশি করে টুঙ্গিপাড়া থেকে সুন্দরী মহিলাদের এনে চন্দনাইশে দিলে যুবসমাজের কল্যাণ হবে।” তার এ বক্তব্য পরদিন স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়। চট্টগ্রাম-১৩ ও ১৪ সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত সাংসদ চেমন আরা তৈয়ব সম্পর্কে অশালীন উক্তির প্রতিবাদে আয়োজিত মঙ্গলবারের সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন। গত রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অলি আহমদের সমালোচনা করেন পাঁচ জন সাংসদ। অলি আহমদকে ক্ষমা চাইতেও বলেন কয়েকজন নারী সংসদ সদস্য। জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে দীর্ঘ মতবিরোধের পর ২০০৬ সালের ২৯ অক্টোবর বিএনপি ত্যাগ করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অলি আহমেদ। এরপর সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারায় যাগ দিলেও পরে সেখান থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন অলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২২৫ ঘ.