২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ: দিল্লির বক্তব্য পেলেই সরকারের প্রতিক্রিয়া

টিপাইমুখ বাঁধ নিয়ে ভারত সরকারের বিবৃতি পাওয়া যেতে পারে মঙ্গলবারই। আর তা পাওয়ার পর বাংলাদেশ সরকার এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ নিয়ে ভারত সরকারের বিবৃতি পাওয়া যেতে পারে মঙ্গলবারই। আর তা পাওয়ার পর বাংলাদেশ সরকার এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।” পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মাশফি বিনতে শামস বর্তমানে দিল্লীতে আছেন বলেও জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নদীর পনিবণ্টন নিয়ে একটি সেমিনারে অংশ নেন পররাষ্ট্র সচিব। তবে সেমিনার শেষ না করেই বেলা ১২টার দিকে দ্রুত মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন তিনি। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিপাইমুখ নিয়ে মঙ্গলবারই ভারত সরকারের বক্তব্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। “ভারতের বক্তব্য পেলে আমাদের সরকারও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে,” বলেন তিনি। বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য গত ২২ অক্টোবর কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। তবে শুক্রবার বিষয়টি গণমাধ্যমে আসে। চুক্তির খবর প্রকাশের পর বাংলাদেশে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরিবেশ বিশেষজ্ঞরা আগে থেকেই বলে আসছেন, টিপাইমুখে বিদ্যুৎ প্রকল্প হলে বাংলাদেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, টিপাইমুখ বাঁধ নিয়ে সরকার ‘নিশ্চুপ’ ভূমিকা গ্রহণ করেছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, সোমবারই হয়তো নয়া দিল্লির বক্তব্য পাওয়া যাবে। তবে সোমবার রাত সাড়ে ৮টার দিকে পররাষ্ট্র সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের বিবৃতি আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১২৪১ ঘ.