ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আড়াই একর জায়গা ঢাকা ক্লাবকে গল্ফ কোর্স তৈরির জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ রায় দেয়।
একইসঙ্গে রাজধানীর মহাপরিকল্পনায় চিহ্নিত উন্মুক্ত ওই স্থানটি সাধারণ জনগণের স্বাভাবিক ব্যবহারের জন্য ব্যবস্থাপনারও নির্দেশ দেওয়া হয়।
২০০৮ সালের মার্চে গণপূর্ত বিভাগ সোহরাওয়ার্দী উদ্যানের আড়াই একর জায়গা ঢাকা ক্লাবের জন্য বরাদ্দ দেয়। ওই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল।
বরাদ্দের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৯ মার্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) হাইকোর্টে রিট আবেদন করে।
ওই সময় প্রাথমিক শুনানি নিয়ে আদালত গলফ মাঠ তৈরির ওপর স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি রুল জারি করে। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২৫২ ঘ.
bdnews24