২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্দান ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভাংচুর

রাজধানীতে নর্দান ইউনিভার্সিটির একটি ক্যাম্পাসে ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নর্দান ইউনিভার্সিটির একটি ক্যাম্পাসে ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির পূর্ব তেঁজতুরী বাজার ক্যাম্পাসে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বিভাগে ভাংচুর করে সোমবার। বিভাগটি বনানীর অস্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের প্রতিবাদে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। উদ্ভূত পরিস্থিতিতে সোমবারই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নোটিসের মাধ্যমে ২৪ নভেম্বর পর্যন্ত নর্দান ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করেছে বলে জানায় পুলিশ। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হারুর-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় দুই শতাধিক ছাত্র সোমবার সকাল ১০টার দিকে ওই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম তলার ইংরেজি বিভাগের চেয়ার-টেবিল ভাঙচুর করে। ছাত্ররা এক পর্যায়ে কাজী নজরুল ইসলাম এভিনিউর রাস্তায় নেমে বিক্ষোভ করে বলে জানান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবুজ নামে ওই বিভাগের এক ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ক্যাম্পাসকে স্থায়ী ক্যাম্পাস ভেবে আমরা এখানে ভর্তি হয়েছি। আমরা বাসাও সেই অনুযায়ী নিয়েছি।” বনানীর অস্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হলে শিক্ষার্থীরা সমস্যায় পড়বেন দাবি করে তিনি বলেন, “শুধু ইংরেজি বিভাগকে কেন স্থানান্তর করা হবে?” এই ক্যাম্পাসে ইংরেজি ছাড়াও আইন ও ফার্মেসী বিভাগ রয়েছে। ঢাকায় পূর্ব তেজতুরী বাজার ও বনানী ছাড়াও রাজশাহী ও খুলনায় বিশ্ববিদ্যালয়টির দুটি ক্যাম্পাস রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১০১ ঘ.