২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা, সৎ মা ও সৎ ভাইকে খুনের দায় স্বীকার

বাবা, সৎ মা ও সৎ ভাইকে খুন করার কথা স্বীকার করেছেন আটক নিপুণ হাদিউল উমর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

জামালপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবা, সৎ মা ও সৎ ভাইকে খুন করার কথা স্বীকার করেছেন আটক নিপুণ হাদিউল উমর। শনিবার রাতে জামালপুর শহরের চালাপাড়ার বাসায় খুন হন ফেরদৌস হাসান, তার তৃতীয় স্ত্রী বন্যা খাতুন ও চার বছরের ছেলে প্রণয়। রোববার দুপুরে ওই বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ওইদিনই আটক করা হয়েছিল ফেরদৌস হাসানের প্রথম পক্ষের ছেলে নিপুণ হাদিউল উমরকে (১৯)। নিপুণ জামালপুর শহরের শহীদ জিয়াউর রহমান কলেজের উচ্চ মাধ্যমিক বিজ্ঞানের ছাত্র। রোববার রাতে পুলিশের কাছে ১৬১ ধারায় দেওয়া জবানবন্দিতে নিপুণ তিনজনকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সাংবাদিকদের জানিয়েছে। জামালপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, সৎ মা’র (নিহত বন্যা) নির্যাতনে অতীষ্ঠ হয়ে নিপুণ এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশকে জানিয়েছে। নিপুণের বরাত দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ফেরদৌস হাসান তিনটি বিয়ে করেন। তৃতীয় স্ত্রীকে নিয়ে তিনি জেলা শহরের চালাপাড়ায় বাসায় থাকতেন। নিপুণও তাদের সঙ্গে থেকে লেখাপড়া করতেন। বাসায় সৎ মা বন্যা খাতুন তার উপর নির্যাতন করতেন। এ কারণে ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকা- ঘটিয়েছেন বলে নিপুণ পুলিশকে জানিয়েছেন। ১০ হাজার টাকায় ভাড়া করা দুইজন খুনি শনিবার সন্ধ্যার পর তিনজনকে খুন করে। পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ব্যাপারে নিহত বন্যার মা মাবিয়া বেগম বাদী হয়ে নিপুণকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার দুপুরে আদালতে হাজির করলে নিপুনকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯০০ ঘ.