২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, সড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 08:02 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে কভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। নিহতের নাম সাদ্দাম হোসেন মুন্না (২৩)। তিনি সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর সিপাহি বাড়ির মো. নোয়া মিয়ার ছেলে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবু হানিফ জানান, সোমবার সকাল ১০টার দিকে বিবিরহাট এলাকায় নিজের নতুন চালু ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করতে যাচ্ছিলেন সাদ্দাম। সলিমপুর ফরিকহাট এলাকায় চট্টগ্রামমুখী একটি কভার্ড ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে সাদ্দাম প্রায় ২০০ গজ দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যায়। এদিকে দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী কভার্ড ভ্যানে আগুন লাগিয়ে দেয়। তাদের অবরোধে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সার্জেন্ট আবু হানিফ জানান, কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিতভাবে তার পরিচয় জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরআরডি/১৩৫৯ ঘ.