২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার মামুনের মামলা বাতিলের আবেদন খারিজ

তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা অর্থ পাচার মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা অর্থ পাচার মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে সোমবার এই আদেশ দেন। কমিশনের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থ পাচার প্রতিরোধ আইনে তারেক ও মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিলের জন্য আবেদন করেছিলেন মামুন। শুনানি শেষে হাইকোর্ট তা সরাসরি খারিজ করে দিয়েছে। “এর ফলে নিু আদালতে এ মামলা পরিচালনায় আর কোনো বাধা থাকলো না”, বলেন তিনি। অর্থ পাচারের এ মামলায় গত ১৬ নভেম্বর নিু আদালতে সাক্ষ্য দেন যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তা ডেবরা লাপ্রেভোট। আগামী ৮ ডিসেম্বর ওই মামলায় সাক্ষ্য নেওয়ার পরবর্তী দিন ধার্য রয়েছে। ২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচারের অভিযোগে তারেক ও মামুনের বিরুদ্ধে এ মামলা করেন। তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় গত বছরের ৬ জুলাই। তারেকের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে চলতি বছরের ৮ অগাস্ট। মামলার অভিযোগপত্রে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ৮০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হলে ওই কার্যাদেশ পাইয়ে দেয়ার প্রতিশ্র“তি দিয়ে ‘নির্মাণ কনস্ট্রাকশন লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন মামুন। ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে মামুনের নামে একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়। গত ২৪ জুলাই গিয়াস আল মামুন মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করে। এ মামলায় তিনি কারাগারে রয়েছেন। মামলার আরেক আসামি বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। চলতি বছর ৮ অগাস্ট অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের পর তারেককে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের করা একটি রিট আবেদন হাইকোর্ট আগেই খারিজ করে দেয়। আপিল বিভাগও হাইকোর্টর আদেশ বহাল রাখে। মামুনের মামলা বাতিলের আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আনিসুল হক। এছাড়া রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩৪৮ ঘ.