ঢকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বচ্ছল ও সহায়হীন মানুষকে সরকারিভাবে সহায়তা দিতে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল-২০১১ রোববার সংসদে পাস হয়েছে।
আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন। এসময় সংসদে সভাপতিত্বে ছিলেন স্পিকার আবদুল হামিদ।
২৩ দিন বিরতির পর রোববার বিকালে বসে নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, আর্থিকভাবে অস্বচ্ছল, সহায় সম্বলহীন এবং আর্থসামাজিকভাবে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা দেওয়ার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে আইনি সহায়তা প্রদান সংস্থা এবং জেলা কমিটি আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারবে।
এই বিলের মাধ্যমে আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ এর চারটি ধারায় সংশোধনী আনা হয়েছে। আইনের ৬ ধারায় সংশোধনীর মাধ্যমে আইনমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০২৪ ঘ.
bdnews24