চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪৪ স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় করা মামলায় আরো ছয় জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
রোববার বিকালে চট্টগ্রাম জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদা ইয়াসমীনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তাসহ তাদের সাক্ষ্য নেওয়া হয়।
এদিন ট্রাকটিকে আলামত হিসেবে চট্টগ্রাম আদালত ভবন চত্বরে নিয়ে আসে পুলিশ। মামলার একমাত্র আসামি ট্রাক চালক মফিজ উদ্দিনকেও হাজির করা হয়।
এ নিয়ে তিন দিনে ২৪ জনের সাক্ষ্য নেওয়া হলো। মামলার মোট সাক্ষী করা হয়েছে ৩১ জন। এর আগে গত বৃহস্পতিবার দুর্ঘটনায় বেঁেচ যাওয়া ছয় স্কুল ছাত্র সাক্ষ্য দিয়েছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক আগামী ২২ নভেম্বর এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন।
গত ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কের সৈদালী নামক স্থানে স্কুল ছাত্র বোঝাই ছোট ট্রাক উল্টে ডোবায় পড়ে ৪৪ জন মারা যায়। পরে মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী বাদী হয়ে ট্রাক চালক মফিজ উদ্দিনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেন।
ঘটনার ১০দিন বাদে ২১ জুলাই বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় চালক মফিজ উদ্দিনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৪৪ ঘ.
bdnews24