চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে একজনকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার সকালে ধরইল গ্রামে এ হামলায় নিহত আবু বাক্কার (৩৬) জেলা শহরের টিকরামপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নাচোল থানার পরিদর্শক সাঈদ ইকবাল জানান, বেশকিছু খাস জমি নিয়ে টিকরামপুরের তুহিনের সঙ্গে সদরের মহারাজপুর গ্রামের মোজাম্মেল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ নিয়ে দু'পক্ষ একে অপরের বিরুদ্ধে নাচোল থানায় মামলাও করেছে।
এর জেরে শনিবার রাতে দু'পক্ষের লোকজন মুখোমুখি হলে পুলিশ গিয়ে সংঘর্ষ ঠেকায়। পরে রাত ৩টার দিকে পুলিশ চলে যায়।
এ সময় তুহিন গ্রুপের লোকজন মোজাম্মেল গ্রুপের আবু বাক্কারকে ধরে মারধর করে পায়ের রগ কেটে দেয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর রোববার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুনহাট মহল্লার বাবুকে পুলিশ আটক করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24