২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় প্রাচীন মুদ্রা উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামে মাটি কাটার সময় প্রাচীন মুদ্রার সন্ধান পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 06:22 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

বগুড়া, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামে মাটি কাটার সময় প্রাচীন মুদ্রার সন্ধান পাওয়া গেছে। শুক্রবার দুপুরে মাটিকাটা শ্রমিকরা মুদ্রাগুলো পায়। শনিবার বিকালে এরমধ্যে সাতটি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। রৌপ্য ও দস্তার ওই মুদ্রাগুলোয় আরবি অথবা ফার্সি লেখা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতœতত্ব বিভাগ থেকে এখনো কেউ ঘটনাস্থলে না যাওয়ায় মুদ্রায় উৎকীর্ণ বর্ণমালার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হালিম জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টায় শিবগঞ্জের ময়দানহাটা ইউনিয়নের চন্দ্রহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত ভিটায় ইটভাটার জন্য ৮জন শ্রমিক মাটি কাটতে গেলে একটি মাটির ঘটি পান। ঘটিটি ভেঙে তারা বেশকিছু ধাতব মুদ্রা পান। সেগুলো তারা নিজেরাই ভাগ বাটোয়ারা করে নেন। শনিবার সকালে মিলন নামের এক শ্রমিক গোপনে মুদ্রা বেচতে এক স্বর্ণকারের কাছে গেলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ বিকেল পর্যন্ত ৭টি মুদ্রা উদ্ধার করে। রোববার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুদ্রাগুলো মহাস্থান জাদুঘরে দেওয়া হবে, বলেন পুলিশ কর্মকর্তা। মাটিকাটা শ্রমিক মিলন জানান, হীরক নামের এক ব্যক্তির ইটভাটার মাটি কাটতে যান মোমিন, আনার, শিপন, শিপলু, আজিজুল, দুলাল, স্বপন এবং তিনি নিজে। মাটি কাটার এক পর্যায়ে একটি পাতিলের উপর কোপ পড়লে বিভিন্ন ধাতব মুদ্রা বেরিয়ে আসে। ওই শ্রমিক বলেন, তিনি ৫টি স্বপন ১টি, শিপন ১টি, দুলা ২টি ও হীরক ১টি মুদ্রা পান। ময়দানহাটা ইউনিয়নের চেয়ারম্যান হাতেম আলী জানান, দুলা নামের এক দিন মজুরের কাছে আরো ২টি মুদ্রা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৫৫ ঘ.