২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেল দ্বিতীয় শিশুটিও

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাওয়া দুই নবজাতকের দ্বিতীয়টিও মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাওয়া দুই নবজাতকের দ্বিতীয়টিও মারা গেছে। হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটের চিকিৎসক শিফাত আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশঙ্কাজনক অবস্থায় শিশু দুটিকে এখানে ভর্তি করা হয়েছিলো। শুক্রবার ভোরে একটি মারা যায়। অপর শিশুটি মারা যায় রাত ২ টার দিকে।" বৃহস্পতিবার লুুঙ্গিতে মোড়ানো অবস্থায় ওই শিশু দুটিকে ক্যাজুয়ালিটি বিভাগের প্রবেশ পথ থেকে উদ্ধার করেন আয়া ফাতেমা আক্তার। লেবার ওয়ার্ডে খবর নিয়ে জানা যায়, ওইদিন কারো নবজাতক হারায়নি। পরে শিশু দুটিকে হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন , "যদিও তাদের কোনো দাবিদার ছিলো না, তাই ময়না তদন্ত না হওয়ারই কথা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।" হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশু দুটির বয়স বড়জোর দুদিন। অন্য কোনো স্থানে জন্ম হওয়ার পর কেউ তাদের হাসপাতালে ফেলে রেখে যায়। শিশু দুটি জমজ কি না- সে বিষয়ে নিশ্চিত নয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আয়া ফাতেমা আক্তার বলছেন, গঠন, গায়ের রঙ, নাক, মুখ ও চোখের গড়ন থেকে শিশুদুটিকে জমজ বলেই মনে হয়েছে তার। হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, "এভাবে বাচ্চা রেখে যাওয়ার ঘটনা হাসপাতালে আগেও ঘটেছে।" চলতি বছরই অন্তত আটটি নবজাতককে এভাবে হাসপাতালের বিছানা অথবা মেঝেতে ফেলে রেখে যাওয়া হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৮০৮ ঘ.